হিন্দুশাস্ত্রে "দুর্গা" শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে:

 হিন্দুশাস্ত্রে "দুর্গা" শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে:

"দ" অক্ষরটি দৈত্য বিনাশ করে, উ-কার বিঘ্ন নাশ করে, রেফ রোগ নাশ করে, "গ" অক্ষরটি পাপ নাশ করে এবং অ-কার শত্রু নাশ করে। এর অর্থ, দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন, তিনিই দুর্গা।"
মায়ের ১০৮ নাম :
==========
১| শঙ্করী : শঙ্করের ঘরনী | তাই তিনি দেবী শঙ্করী | আপামর ভক্তর কাছে তিনি মা শঙ্করী |
২| সুরেশ্বরী : সুর মানে দেবতা | তাঁদের অধীশ্বরী দেবী দুর্গা | তাই দেবতারা তাঁকে সুরেশ্বরী বলে সম্বোধন করেন |
৩| কমলে কামিনী : দেবীর কৃপায় রক্ষা পেয়েছিল ধনপতি সওদাগরের বাণিজ্য এবং পরিবার | তাই‚ ধনপতি এবং তাঁর পুত্র শ্রীমন্ত এই সম্বোধন করেছিলেন পদ্মাসনা দেবীকে |
৪| গায়ত্রী : এই নামে দেবে পূজিত হন পাতালে |
৫| মহোদরী : গণেশের জন্মদাত্রী বলে এই নাম হয় দেবী দুর্গার |
৬| কৃত্তিবাস প্রিয়া : বাঘছাল পরিহিত শিবের আর এক নাম কৃত্তিবাস | তাঁর স্ত্রী বলে দুর্গা‚ কৃত্তিবাস প্রিয়া |
৭| মাতঙ্গী : তান্ত্রিক মহাবিদ্যার অনুযায়ী দেবীর এক নাম মাতঙ্গী |
৮ | বগলা : দশ মহাবিদ্যার অন্যতম হল বগলা | তাই দুর্গা পরিচিত হন বগলা বা বগলামুখী নামে |
৯ | কপাল মালিকে : এই নামে দেবীকে বর্ণিত করেছেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা |
১০ | করালবদনী : কালিকা রূপে তিনি ভীষণরূপে পূজিতা | তাঁর দাঁতের সারির জন্য তখন তাঁর নাম করালবদনী |
১১| ভুবন ঈশ্বরী : দুর্গাকে এই নামে সম্বোধন করেছিলেন পবনদেব |
১২ | রাজ রাজেশ্বরী : পৃথিবীর শ্রেষ্ঠ নৃপতিরা দেবীর নামকরণ করেন এই সম্বোধনে |
১৩| ত্রিদিব জননী : ত্রিদিব কথার অর্থ স্বর্গ | দুর্গা হলেন সবার মা‚ তাই ত্রিদিব জননী |
১৪ | কাল করালিনী : পত্নী দুর্গার এই নাম দিয়েছিলেন স্বয়ং মহাদেব |
১৫ | উমা জগৎ জননী : এই নামও দিয়েছিলেন সাধারণ ভক্তরা |
১৬ | মহেশগৃহিনী : দুর্গার সখীরা তাঁকে এই নামে ডাকতেন |
১৭ | মহামায়া : কংসধামে এই নাম পেয়েছিলেন দুর্গা |
১৮ |কালজয়া : তিনি কাল জয় করেছেন | তাই তিনি কালজয়া |
১৯ | কৃতান্ত দলনী : দেবী দুর্গাকে এই নাম দিয়েছিলেন যমরাজ |
২০ | কাত্যায়নী : ঋষি কাত্যায়ন পুজো করেছিলেন দেবী দুর্গার | তাই তিনি দেবী কাত্যায়নী |
২১| সর্ববিশ্বোদরী : দেবীর এই নাম রেখেছিলেন নারায়ণ |
২২| শুভঙ্করী : ভক্তের শুভ অর্থাৎ মঙ্গল করেন দুর্গা | তাই তিনি শুভঙ্করী |
২৩| ঊর্বশী : দেবলোকে এই নাম ছিল দুর্গার |
২৪| ষোড়শী : তান্ত্রিক মতে‚ কুমারী দুর্গার নাম ষোড়শী |
২৫ | ক্ষেমঙ্করী : তিনি ক্ষান্তিক্ষেম | মঙ্গলময়ী অবতার | তাই‚ ক্ষেমঙ্করী |
২৬ | মহিষমর্দিনী : মহিষাসুরের বিনাশ করেছিলেন দেবী | সেই কীর্তি থেকেই এই নামের সৃষ্টি |
২৭ | ছিন্নমস্তা : তান্ত্রিক ধারায় দশ দেবীর অন্যতম এই দেবী | শক্তির মূর্ত প্রতীক হয়ে দেবী নিজের মুণ্ড ছেদ করে রক্ত পান করেছিলেন | হিন্দু এবং বৌদ্ধ বিশ্বাসে তিনি দেবী ছিন্নমস্তা |
২৮ | দৈত্যদর্প নিসুদিন : মহিষাসুরকে বধ করেছিলেন বলে দুর্গার একটি নাম এটি ।
২৯ | বিরিঞ্চি নন্দিনী : হিন্দু পুরাণে বিরিঞ্চি নামে ব্রহ্মা‚ বিষ্ণু এবং মহেশ্বর তিনজনকেই বর্ণনা করা হয়। যেহেতু সব দেবতার অংশে থেকেই দুর্গার জন্ম‚ তাই তিনি বিরিঞ্চি নন্দিনী।
৩০| পাপবিনাশিনী : যাঁদের পাপ-সাগর থেকে মুক্ত করেছিলেন‚ তাঁদের কাছে তিনি এই নামেই আরাধ্যা ।
৩১ | দিগম্বরা : কালিকা রূপে তাঁর এই নাম । কারণ কালিকার অঙ্গে নেই কোনও বস্ত্র খণ্ড নাচতে নাচতে সব খসে পড়েছে তাঁর দেহ থেকে ।
৩২ | শিবানী : শিবের পত্নী তাই দুর্গা শিবানী।
৩৩| অপরাজিতা : পৃথিবীর গর্ভ থেকে জন্ম দুর্গার ধ্বংসাত্মক রূপ‚ অপরাজিতার । এর প্রতীক স্বরূপ অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল দেবীর পুজোয় চাই। বিজয়া দশমীতে পুজো করা হয় অপরাজিতার ডালও।
৩৪ | উগ্রচণ্ডা : পবননন্দন এই নামে ডেকেছিলেন দেবীকে ।
৩৫| দীনমণি : দরিদ্র ঈশ্বরী পাটনীকে অন্নপূর্ণা রূপে দয়া করেছিলেন দেবী দুর্গা । তাই‚ পাটনীর বর্ণনায় তিনি দীনমণি‚ অর্থাৎ দরিদ্রদের নয়নের মণি ।
৩৬| গণেশ জননী : গণপতিকে জন্ম দিয়ে তাঁর এই নাম হয় ।
৩৭ | দুর্গতিনাশিনী : ভক্তের দুর্গতি নাশ করেন | তাই তাঁর এই নাম তাঁর ।
৩৮ | দুর্গা : দুর্গতিনাশিনীর সংক্ষিপ্ত রূপ এটি ।
৩৯ | সুখদা অন্নদা : তিনি সংসারে সুখ এবং অন্ন দান করেন তাই‚ দেবী সুখদা এবং অন্নদা |
৪০ | মৃগেশ বাহিনী : মহাদেব তাঁকে এই নামে সম্বোধন করতেন ।
৪১ | মহেশ ভাবিনী : শিবের এক নাম মহেশ। তাই তাঁর স্ত্রী পার্বতীর এক নাম মহেশ ভাবিনী।
৪২ | ইন্দ্রাণী : দেবী আবার ইন্দ্রের পত্নী তাই তিনি ইন্দ্রাণী।
৪৩ | রুদ্রাণী : শিব রুদ্র অতএব দুর্গা হলেন রুদ্রাণী । কামাখ্যায় তিনি এই রূপে পূজিতা ।
৪৪ | হররাণী : দেবীর এই নাম রেখেছিলেন বৃন্দাদূতী ।
৪৫| শমন ত্রাসিনী : দেবীকে এই সম্বোধনে ডেকেছিলেন উদ্ধব ।
৪৬ | অরিষ্ট নাশিনী : অসুরদের দমন করে দেবতাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন তিনি। তাই তিনি অরিষ্ট নাশিনী ।
৪৭ | দাক্ষায়নী : দক্ষ কন্যা বলে দুর্গার নামের তালিকায় আছে এই নাম।
৪৮ | পার্বতী : হিমালয় পর্বতের দুহিতা | তাই তিনি পার্বতী।
৪৯ | মৃগাঙ্ক আননী : ঋষি দুর্বাসা দেবীকে এই নামে ডেকেছিলেন ।
৫০ | প্রিয়ঙ্করী : তিনি সবার মনোকামনা পূর্ণ করেন তাই তিনি প্রিয়ঙ্করী।
৫১ | শঙ্করী সুন্দরী : দেবী দুর্গাকে এই নামে ডেকেছিলেন রাবণ পত্নী মন্দোদরী।
৫২ | শিব সহচরী : শিবের পার্শ্ববর্তী দেবী দুর্গা সুতরাং তিনি শিব সহচরী।
৫৩ | সিবদারা : দারা কথার অর্থ স্ত্রী তাই‚ শিবের পত্নী হিসেবে এই নাম লাভ করেছেন দুর্গা।
৫৪ | কান্তিকরী : দুর্গা শান্তিদান করেন । তাই তিনি কান্তিকরী। |
৫৫| শুভঙ্করী : দুর্গা সবার শুভ বা মঙ্গল করেন | তাই তিনি শুভঙ্করী |
৫৬ | ত্রিলোকতারিণী : ত্রিলোকের দেবী তিনি | তাই এই নাম পেলেন দেবী |
৫৭ | ঈশানী : শিবের আর এক নাম ঈশান | ফলে শিব পত্নী দুর্গা হলেন শিবানী |
৫৮ | ইন্দ্রাণী : ইন্দ্রপুরীতে দেবীর আবার নাম ইন্দ্রাণী |
৫৯ | অগতির গতি : সাধারণ মানুষ দেবীকে এই নামে ডেকে পুজো করেন |
৬০ | সর্বানী : শ্রীরাধার স্বামী আয়ান ঘোষ এই নামে সম্বোধন করেছিলেন দেবীকে |
৬১ | জগত্তারিণী : বিশ্বপতি এই নাম রেখেছিলেন দুর্গার |
৬২| ভগবতী : ভক্তদের সবরকম সুখদান করেন | তাই দুর্গা ভগবতী |
৬৩ | অন্নপূর্ণা : তাঁর ভাণ্ডার সর্বদা অন্না দ্বারা পূর্ণ | তাই দেবী অন্নপূর্ণা |
৬৪ | মহেশ্বরী : তিনি মহা ঈশ্বরী | অর্থাৎ মহেশ্বরী | নাম রেখেছিলেন শ্রীরাম |
৬৫ | ব্রহ্মাণ্ড জননী : প্রকৃতি থেকে জাত দুর্গা | তাই‚ এই ব্রহ্মাণ্ডের জননী দেবী |
৬৬ | শিবানী : শিবের স্ত্রী বলে তাঁর নাম শিবানী |
৬৭ | সত্যসনাতনী : তিনি সত্য | তিনি সনাতন | তাই‚ দেবী সত্যসনাতনী |
৬৮ | ভবানী : তিনি ভবের দেবী | তাই‚ ভবানী |
৬৯ | চণ্ডী : উগ্রচণ্ডারূপে আবার এই নাম পেলেন দেবী |
৭০ | এলোকেশী : মহিষাসুরকে বধ করতে গিয়ে দুর্গার কেশ আলুলায়িত | তাই তিনি এলোকেশী |
৭১| মায়া মহোদরী : এই নাম দেবীকে দিয়েছিলেন অর্যমা|
৭২| হররমা : এই নামে দেবীকে সম্বোধন করতেন গঙ্গানদী |
৭৩ | সর্বদা সারদা : দেবী সারদান করেন | তাই মুনিঋষিগণ তাঁকে সারদা বলেই সম্বোধন করেন |
৭৪ | বরদা : দেবীর এই নাম রেখেছিলেন ঋষি বালখিল্য |
৭৫ | ভীমা : দেবীর ভীষণরূপের জন্য এই নাম রেখেছিলেন ক্রোধী জহ্নুমুনি |
৭৬ | গিরিশ নন্দিনী : এই নামে দেবীকে ডেকেছিলেন ভক্ত প্রহ্লাদ |
৭৭ | গোমাতা গৌরী : মা দুর্গাকে এই নামে আরাধনা করতেন সব রাখাল |
৭৮ | গোপেশ কুমারী : গান্ধারী দিয়েছিলেন এই নাম‚ দেবী দুর্গাকে |
৭৯ | গিরীন্দ্র নন্দিনী : ব্রজেশ্বরী অর্থাৎ রাধিকা‚ দুর্গাকে ডেকেছিলেন এই সম্বোধনে |
৮০ | ভবের কৌমারী : তিনি কুমারী রূপেও পূজিতা হন | তাই তিনি ভবের কৌমারী |
৮১| গজেন্দ্র জননী : মহিষাসুরমর্দিনীর পাশাপাশি দুর্গা গণেশের মা | তাই এই নামের অধিকারিণী তিনি
৮২| গোবিন্দ ভগিনী : দেবী দুর্গার এই নাম রাখেন বিশ্বামিত্র মুণি |
৮৩| যোগেশ যোগিনী : মা দুর্গার এই নামকরণ করেছিলেন দেবকী |
৮৪| পরা পরায়নী : দেবীর এই নামকরণের নেপথ্যে আছেন রৈবতক মুণি |
৮৫| দক্ষ যজ্ঞ বিনাশিনী : বলা যায়‚ এই নাম নিজেই নিজেকে দিয়েছিলেন দুর্গা | পার্বতী বা সতীর এক রূপ হল দেবী দাক্ষায়নী | তিনি এই নামকরণ করেছিলেন দুর্গার | কারণ দুর্গা বিনষ্ট করেছিলেন তাঁর পিতা দক্ষের মহাযজ্ঞ |
৮৬ | শাকম্ভরী : ঔর্ব্বমুণি এই নামে সম্বোধন করতেন দুর্গাকে |
৮৭ | ত্রিতাপহারিণী : ত্রিজগতের দুঃখ দুর্গা নাশ করেন | তাই তিনি ত্রিতাপহারিণী |
৮৮ | ভবানী : পৃথিবীতে এই নামে ডেকে দুর্গার আরাধনা করেন সাধারণ ভক্তগণ |
৮৯ | ব্রহ্মাণী : সমগ্র বিশ্বের অধীশ্বরী | তাই দুর্গা ব্রহ্মাণী |
৯০ | কালী কপালিনী : মর্ত্যলোকে তন্ত্রসাধনায় দুর্গা আবার পূজিত এই রূপেও|
৯১ | শিব নিতম্বিনী : দেবী দুর্গা সর্বদা থাকেন শিবের পাশে পাশে | তাই তিনি শিব নিতম্বিনী |
৯২ | অরিষ্টস্তম্ভিনী : অরি অর্থাৎ শত্রুকে বিনাশ করেন দুর্গা | তাই তাঁর এই নাম |
৯৩| ভব মনোহরা : দেবী দুর্গা ভরনী ভাবিনী | তাই‚ তাঁর এই নামকরণ |
৯৪ | শিবকরা : তিনি শিবের ঘরনী | তাই‚ কৌমারী দুর্গা হলেন শিবকরা |
৯৫| অপর্ণা : মহাদেবকে লাভের জন্য তপস্যারত দুর্গার এই নামকরণ করেন ছায়াবতী |
৯৬| অন্নদা : সবাইকে দুর্গা অন্ন দান করেন | তাই‚ তিনি অন্নদা |
৯৭ | সর্বসিদ্ধিদাত্রী : ভৃগুমুণি রেখেছিলেন এই নাম দেবী দুর্গার জন্য |
৯৮ | নৃমুণ্ডুমালিকে : দুর্গাকে এই নাম দিয়েছিলেন আয়ান ঘোষ |
৯৯ | প্রমোথিনী : শিবের অনুচর‚ যাঁরা নাচ-গানে পারদর্শী‚ তাঁদের বলা হয় প্রমথ | দেবী দুর্গাও মহাদেবের অনুগামিনী | অর্থাৎ তিনি হলেন প্রমোথিনী |
১০০| জয়া : দেবী দুর্গার সঙ্গিনীর নাম জয়া | আবার সঙ্গিনীরা নাকি এই নামে ডাকতেন দুর্গাকেও | কারণ জয়া-বিজয়া কার্যত দুর্গারই এক রূপ |
১০১ | মহাকালী : বিন্ধ্য পর্বত এই নাম রেখেছিল দেবী দুর্গার উদ্দেশে |
১০২| দানব দলনী : তিনি অসুর নিধন করেছেন | তাই তিনি অসুর বা দানব দলনী |
১০৩| ভদ্রকালী : পাতালে দেবী দুর্গা পূজিত হন এই রূপে |
১০৪ | মেনকা দুলালী : গিরিরাজ হিমালয়ের ঘরে দেবী মেনকার কন্যা | তাই তিনি মেনকা দুলালী |
১০৫| মন্মথমোহিনী : দুর্গার এই নামকরণ করেছিলেন কামদেব বা মদনদেব |
১০৬| নারায়ণী : দুর্গার এক রূপ হলেন দেবী লক্ষ্মী | তাই মহালক্ষ্মী এবং সেইসঙ্গে দুর্গাও নারায়ণী |
১০৭ | চামুণ্ডে চণ্ডিকা : দুর্গার এক রূপ হল চামুণ্ডা চণ্ডী |
১০৮ | দুর্গতিনাশিনী : ভক্তদের দুর্গতি থেকে রক্ষা করেন তিনি | তাই দেবী দুর্গা দুর্গতিনাশিনী |

Comments